জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে র‌্যালি এবং আলোচনা সভা

30

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
জাতীয় পল্লী উন্নয়ন দিবসে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২৫ জন সমবায়ীকে ১৫ লক্ষ ৪২ হাজার টাকার ঋণ বিতরণ এবং ১ শত জনকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী’তে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা শেষে অতিথিরা সমবায়ীদের হাতে ঋণের টাকা এবং গাছের চারা তুলে দেন।
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে এদিন সকাল সাড়ে ১০টায় কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথমে খাল কাটা কর্মসূচী পালন করেছেন। পল্লী উন্নয়ন এর জন্য এটাই একটি অন্যতম উদ্যোগ। পল্লী উন্নয়ন এর জন্য প্রান্তিক পর্যায়ে প্রথমে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি সকলের সমন্বিত প্রচেষ্টায় আত্মনির্ভরশীল হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী এবং কৃষি অফিসার আহসান হাবীব।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, সমবায়ী নুর বেগম মিতা ও পারভিন আক্তার।
এর আগে এদিন সকাল ১০টায় দিবসটি উপলক্ষে সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা এবং সমবায়ীরা র‌্যালিতে অংশ নেন।
এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে একটি তথ্য চিত্র প্রর্দশন করা হয়।