॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিন যুবক নিহত এবং আরও দুইজনকে অপহরণ করা হয়। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। অবশ্য পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহত ও অপহৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামলার পেছনের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। ওসি বলেন, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে বিবাদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। এসময় তিন জনের মৃত্যু হতে পারে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছেন। আইন শৃংখলাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলের দিকে যাচ্ছে।
আরেকটি সূত্র জানিয়েছে, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুইজনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, জেএসএস সন্তু গ্রুপের মধ্যে সাধারণ কর্মীদের বিদ্রোহ থেকে এই ঘটনার উৎপত্তি হয়েছে বলে তিনি দাবী করেন। ইউপিডিএফ নেতা মনে করেন, আজকের ঘটনাটি কোন সাধারণ ও বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা সুবিধাবাদী ও আদর্শহীন রাজনীতির ওপর প্রতিষ্ঠিত জেএসএস সন্তু গ্রুপের ভেতরে বড় ধরনের ভাঙনেরই ইঙ্গিত দিচ্ছে।
