শহর এলাকার পাশাপাশি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে-দীপেন দেওয়ান এমপি

58

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান বলেছেন, শহর এলাকার পাশাপাশি দূর্গম ও পশ্চাদপদ এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কেউ যেন উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলার সকল কর্মকর্তাকে এক যোগে কাজ করতে হবে। তিনি এলাকার মানুষের প্রত্যাশা পুরনে উন্নয়ন প্রকল্প গ্রহন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সন্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব, রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটিতে চলমান ও আগামীতে যেসকল প্রকল্প গ্রহন করা হবে এর বিবরন তুলে ধরেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ সফি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শন্মি চাকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মর্ডল, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাহীয় প্রকৌশলী প্রকাশন চাকমা প্রমুখ।
রাঙ্গামাটি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরিত কুমার চাকমা জানান, জেলার দশটি উপজেলার মধ্যে কোন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই যার দরুন শিক্ষা কার্যক্রম ব্যহৃত হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া জানান, রাঙ্গামাটি শহরে পানির সমস্যা সমাধান করার জন্য ইতিমধ্যে দুশ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। এছাড়াও সাজেকের পানির সমস্যা সমাধান করার জন্য পাইপ লাইনের মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত করার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদুৎর ব্যবস্থা করা হবে।
রাঙ্গামাটি সরকারী কলেজের শিক্ষক মোঃ মহিউদ্দিন সভায় জানান, কলেজের মাঝ পথে রাস্তা থাকায় কলেজের পরিবেশ বিনষ্ট হচ্ছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জমান বলেন, দূর্গম উপজেলা গুলোতে কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হলে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্ভব।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন উন্নয়ন সংস্থাগুলোকে বন বিভাগের জায়গার উপর দিয়ে রাস্তা তৈরী করার পূর্বে বন বিভাগের সাথে সমন্বয় করার আহবান জানান।
রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌধুরী সভায় জানান, দুর্গম এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট, শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না। তিনি এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহবান জানান।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদের মাধ্যমে উপজেলা গুলোতে ডরমেটরি নির্মান করা হলে আবাসন সমস্যা সমাধান করা যাবে
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, বিলাইছড়িসহ দুর্গম এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারের সংকটে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে।