॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের সাংসদ দীপেন দেওয়ান।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, পিএসসি, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অব:) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান এমপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক এবং স্থিতিশীল থাকে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলে এই অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের সমউন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সকলকে আহবান জানান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা কর্মকর্তাগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মত বিনিময় সভায় অংশগ্রহন করে স্ব-স্ব উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
