॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর চীফ কালেক্টরসহ চার নেতাকে দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকালে বান্দরবানের উজানীপাড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সাধারণ সম্পাদক মং শৈ প্রু ত্রিপুরা।
এসময় উপস্থিত ছিলেন দলের সভাপতি উবামং মারমা, সহ-সভাপতি তনদির বম, রাম তন সাং বম (মালেক) এবং সমন্বয়ক আশিষ ত্রিপুরা।
লিখিত ঘোষণায় জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চীফ কালেক্টর অটল চাকমা, সহকারী কালেক্টর মংএনু মারমা, প্রশাসনিক সমন্বয়ক অনুপম চাকমা (অনু) এবং সহকারী কালেক্টর জীবন ত্রিপুরা-কে দলের সকল কার্যক্রম ও সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। ঘোষণাপত্রে আরো বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিরা যদি দলের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অপরাধমূলক কিংবা উচ্ছৃঙ্খল কর্মকান্ডে জড়িত হন, তবে তার দায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) বহন করবে না।
দলীয় সূত্রে জানা যায়, বান্দরবান জেলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতারা জানান, দল সর্বদা শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি অনুসরণ করে। বহিষ্কৃতদের দলীয় নাম-পরিচয় ব্যবহার করে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
