যে কোন দুর্যোগ ঠেকাতে সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে-নাজমা আশরাফী

56

॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি বলেন, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সচেতন করা এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বর্ষা মৌসুমে সম্ভাব্য পাহাড় ধস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক মো: ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক সেকান্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: জুবায়ের, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাইনিং হিল এনজিওর নির্বাহী পরিচালক মো: আলীসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতা জোরদার করা, পর্যাপ্ত ত্রাণ ও শুকনো খাবার মজুত রাখা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ১২ ঘন্টা টানা বর্ষণ শুরু হলে জনগন যাতে ঝুকিপুর্ণ এলাকা থেকে সড়ে সরকারী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করেন সে বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করা হয়। সভায় জুম মিটিংয়ের মাধ্যমে অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।