লামায় ১৭ কোটি টাকা ব্যয়ে টয়লেট-প্লাস্টিক ট্যাংক পাচ্ছেন ১৬২৫ দরিদ্র পরিবার

25

॥ লামা প্রতিনিধি ॥
‘সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন’-এ শ্লোগানে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় হাউজ হোল্ড টয়লেট বরাদ্দপ্রাপ্ত উপকারভোগী জনগোষ্ঠীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ‘পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’র আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন।
এতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, প্রকল্পের কনসালটেন্ট মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজি মুহাম্মদ ইব্রাহিম ও প্রেসক্লাব’র সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন।
অবহিতকরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লামা প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও প্রকল্পের ঠিকাদার বিষ্ণু দাশ প্রমুখ। এতে প্রকল্পের উপকারভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।
লামা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানায়, গঠিত কমিটি দ্বারা সার্ভে অনুযায়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১৬২৫ দরিদ্র পরিবার এ প্রকল্পের টয়লেট পাবে। এর মধ্যে প্রথম পর্যায়ে উপকারভোগী হতদরিদ্র ও দরিদ্র পরিবারের মধ্যে ৮৫৭টি টয়লেট ও ৭৬৮টি প্লাস্টিক ট্যাংক বরাদ্দ দেওয়া হয়।
এব্যাপারে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।বলেন, প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার কর্তৃক কোন ধরণের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবেনা। যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নে উপকারভোগীসহ সকলের সহযোগিতা কামনা করেন।