॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“কৃষিই সমৃদ্ধি” এবং “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিয়া ও কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।
সভায় বক্তারা ফল চাষের গুরুত্ব, আধুনিক পদ্ধতিতে ফল সংরক্ষণ এবং পার্বত্য অঞ্চলে ফলের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে বারোমাসি ফল চাষের সম্প্রসারণ ঘটিয়ে কীভাবে পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, সেই বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গাছের চারা বিতরণ করা হয়।
