খাগড়াছড়িতে বিদ্যালয়ে ভবন আগুন, পুড়ে ছাই ১১ কক্ষ

35

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ আগুনে বিদ্যালয়ের টিনশেড ভবনের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে শুরু হওয়া আগুনে বিদ্যালয়ের দীর্ঘ টিনশেড ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ভবনের ভিতরে থাকা বিদ্যালয়ের অবকাঠামো, বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন শিক্ষা সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, বিকালে বিদ্যালয়ের টিনশেড ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত ছড়ানোর কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি আরও জানান, বিদ্যালয়ের ১১টি কক্ষ আগুনে পুড়ে গেছে। তদন্তের পর আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
প্রধান শিক্ষক শাহেদা আক্তার জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে ভবনের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে প্রধান শিক্ষক আশঙ্কা প্রকাশ করেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ও খাগড়াছড়ি সদর সেনা জোনের পেট্রোল টিম।
এসময় খাগড়াছড়ি সদর ইউএনও ফারিয়া সুলতানা বলেন, আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। আর এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।