ঈদের ছুটিতে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : হ্রদ আর পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

161

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
ঈদের লম্বা ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) এবং শনিবার (৩০ মে) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভীড়। কেউ কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমন করছেন, আবার শিশুরা শিশু পার্কে আনন্দে ঈদের খুশি উপভোগ করছেন।
সরেজমিনে শনিবার (৩০ মে) বিকেলে কাপ্তাই ওয়াগ্গা প্যানোরোমা জুঁম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। কর্ণফুলী নদীর কোল ঘেষেঁ অবস্থিত এই পর্যটন কেন্দ্রের সু- বিশাল জায়গা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা আর শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক। পর্যটকরা পরিবার পরিজন নিয়ে কর্ণফুলি নদীতে নৌ ভ্রমন করছেন আর শিশুরা শিশু পার্কে বিভিন্ন রাইডে আনন্দ উপভোগ করছেন। এসময় ঢাকার ধানমন্ডি হতে আসা পর্যটক আমির হাসান, নুসরাত জাহান ইমা ও ইকফা নিশিতা এবং চট্টগ্রাম জেলার কর্ণফুলি থানার মইজ্জাটেক হতে আগত ফাহিম ও আরাফাত ইসলাম বলেন, এখানকার ভিউটা খুবই সুন্দর। আমরা প্রথমবারের মতো এখানে এসেছি। সত্যি কাপ্তাই খুব সুন্দর জায়গা।
এদিকে এদিন বিকেলে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। এসময় এই বিনোদন কেন্দ্রে বন্ধুদের নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে আসা নোয়াখালী জেলার বসুর হাটের নুরুল আলম এবং মিজানুর রহমান বলেন, আমরা বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো কাপ্তাইয়ে বেড়াতে এসেছি। জায়গাটি খুবই সুন্দর, আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। যদি কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে একটি ক্যাবেল কার বসানো হতো তাহলে আরো বেশি ভালো লাগতো।
এসময় শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর ম্যানেজার জাকির হোসেন বলেন, এই ঈদে টানা ছুটিতে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের সব কটেজগুলো বুকিং আছে।
এদিকে কাপ্তাই শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস এর পরিচালক মো: সোহেল বলেন, এবার ঈদে আমাদের রেস্টুরেন্টে পযাপ্ত পরিমাণ পর্যটক এসেছে। বিশেষ করে এই রেস্টুরেন্টের খাবার এর মান অনেক ভালো।
কর্ণফুলী নদীর বোট চালক মনা বলেন, এই বছর প্রচুর পর্যটক এসেছে কাপ্তাইয়ে। অনেকে পরিবার নিয়ে নৌ ভ্রমন করছেন।
এদিকে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর, লেকভিউ, রিভারভিউ, কাপ্তাই লেকের মাঝে অবস্থিত রাইংখ্যং আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।