॥ নিজস্ব প্রতিবেদক ॥
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এক যৌথ বিবৃতি দিয়ে (২৭ মে) বুধবার বিকেলে এই শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের মহান আদর্শ নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা হওয়া উচিত সকল প্রকার ভেদাভেদ ভুলে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, নিরাপত্তা ও সহাবস্থানের এক দৃঢ় অঙ্গীকার।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে দেশের অসাম্প্রদায়িক চেতনা ও বৈচিত্র্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংগঠনটি জানায়: ”আমরা বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ঐক্যবদ্ধ সহাবস্থানই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান শক্তি।”
পিসিসিপি কেন্দ্রীয় কমিটি আশা প্রকাশ করে যে, ঈদের এই আনন্দ দেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। ধনী-দরিদ্র, জাতি-ধর্ম নির্বিশেষে সবার মাঝে মানবিকতা, ভালোবাসা ও সম্প্রীতির এক অটুট বন্ধন প্রতিষ্ঠিত হবে।
বিবৃতির শেষাংশে সংগঠনের পক্ষ থেকে আবারও পার্বত্য অঞ্চলসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে “ঈদ মোবারক” ধ্বনিতে বার্তাটি সমাপ্ত করা হয়।
