॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মাকসুদা হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি তিনটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম পেয়েছেন ৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান পেয়েছেন ৩০ ভোট।
সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ৭৮ ভোট এবং অ্যাডভোকেট মাকসুদা হক ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অন্য প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার পেয়েছেন ২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবছার আলী পেয়েছেন ৩০ ভোট।
বাকি পদগুলোতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভূঁইয়া, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট বিবরণ চাকমা, আইটি সম্পাদক অ্যাডভোকেট গফুর বাদশা, সদস্য পদে অ্যাডভোকেট রহমত উল্লাহ, অ্যাডভোকেট হারুন অর রশীদ, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট বিউটি দত্ত, অ্যাডভোকেট সাহেদা ইসলাম, অ্যাডভোকেট দীপেন চাকমা।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত দায়বদ্ধতার সমন্বয়ে গঠিত এই নতুন নেতৃত্ব রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতিকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক ধারায় এগিয়ে নিতে সক্ষম হবে।
একই সঙ্গে তরুণ আইনজীবীদের পেশাগত বিকাশ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং আইনজীবীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতেও এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি আইনজীবী সমাজসহ বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এবং তাদের সফল ও গৌরবময় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
