॥ তসলিম উদ্দিন, বরকল ॥
রূপের রাণী রাঙ্গামাটি জেলার অন্যতম প্রাচীন উপজেলা বরকল। পাহাড় বেষ্টিত এই উপজেলাটি দুর্গম হওয়ায় মানুষের মৌলিক অধিকার সব ক্ষেত্রেই বঞ্চিত। স্বাস্থ্যসেবা খাতটি প্রায়ই ভঙ্গুর। প্রাথমিক চিকিৎসা সেবাও পাওয়া প্রায়ই দুস্কর বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সড়ক পথের যাতায়াতের ব্যবস্থা না থাকায় একমাত্র অবলম্বন নৌ পথ।
বরকল সদর থেকে নৌ পথে রাঙ্গামাটি জেলা সদরে পৌঁছাতে সময় লাগে ২ থেকে ৩ঘন্টা। সাধারণ রোগী থেকে মুমূর্ষু রোগী সবাইকে ভরসা করতে হয় নৌ যানের উপর। আর রোগীদের সমস্যার কথা চিন্তা করে ৭-৮ বছর আগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ৭৫ ঘোড়া ইঞ্জিনের একটি ওয়াটার এ্যাম্বুলেন্স দেওয়া হয় বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাথে তিন বছরের চুক্তি ভিত্তিক একজন চালক নিয়োগ দেয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। শুরু থেকেই অতিরিক্ত ভাড়ার কারণে ওয়াটার এ্যাম্বুলেন্সটি গলার কাঁটা হয়ে দাঁড়ায় অসহায় মানুষের নিকট।
রোগী বহন করার জন্য বরকল থেকে রাঙ্গামাটি পর্যন্ত ভাড় গুনতে হয় বিশ হাজার টাকা। আর চালকের চুক্তি নবায়ন না করা, অব্যবস্থাপনা, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত মূল্যবান নৌ-অ্যাম্বুলেন্সটি আজ ডাঙ্গায়, ঝোপঝাড়ে ঢাকা পড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এ বিষয়ে বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শান্তনু দাশ বলেন, “বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার এ্যাম্বুলেন্সটি ৭-৮ বছর আগে রাঙ্গামাটি জেলা পরিষদ বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চুক্তি ভিত্তিক চালকসহ দেওয়া হয়। পরে চালকের চাকরি স্থায়ী করণ না হওয়ার জন্যে সেটা আস্তে আস্তে অকেজো হয়ে গেছে। জেলা পরিষদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোন কর্নপাত করেনি”।
এদিকে স্থানীয়রা জানান, মাঝরাতে যখন কোনো গর্ভবতী মা কিংবা গুরুতর অসুস্থ রোগীকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নেওয়ার প্রয়োজন হয়, তখন এই আধুনিক যানটি এভাবেই নিথর পড়ে থাকে! সরকারি এই জীবনরক্ষাকারী যানটি অকেজো হয়ে পড়ে থাকায় সাধারণ মানুষকে চড়া দামে নৌকা ভাড়া করতে হচ্ছে। অর্থের অভাবে বা সময়মতো যাতায়াত ব্যবস্থা না পেয়ে অনেক সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, এমনকি পথেই অকালে ঝরে যায় অনেকের প্রাণ।
বরকলের সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, এটি কেবল একটি যান্ত্রিক নৌকা নয়, এটি বরকলবাসীর জরুরি মুহূর্তে বেঁচে থাকার স্বপ্ন ও ভরসা। রাষ্ট্রীয় এই অমূল্য সম্পদের এমন অবক্ষয় মেনে নেওয়া যায় না। তাই তাদের দাবী অবহেলার এই করুণ দৃশ্য আমরা আর দেখতে চাই না। দ্রুত মেরামতের মাধ্যমে এই নৌ-অ্যাম্বুলেন্সটি সচল করে মানুষের সেবায় নিয়োজিত করা হোক, অথবা এর পরিবর্তে কার্যকর কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে দুর্গম বরকলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক।
