বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

83

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, আধুনিক বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার পথ প্রদর্শক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের ওপর থেকে সকল বিধি-নিষেধ তুলে নিয়ে বহুমাত্রিক গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের যে ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই আদর্শকেই ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১২ মে) সকালে রাঙ্গামাটি শহরের জর্জ মোটেল অডিটোরিয়ামে সংবাদপত্রিকা ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এসব কথা বলেন।
এশিয়া পোষ্টের রাঙ্গামাটি প্রতিনিধি মো: জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদ মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি এস এম শামসুল আলম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জেলা যুবদলের সভাপতি মো: নুরুন্নবী, সাধারন সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম, সুজনের সাধারন সম্পাদত মো: এমজিসান বখতিয়ার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, গণমাধ্যম হলো জাতির দর্পণ। দেশের রাজনীতিসহ প্রতিটি বিষয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, শহীদ জিয়া সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, আর বর্তমান সরকার সেই ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর।