॥ তসলিম উদ্দিন, বরকল ॥
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটির বরকল উপজেলার দূর্গম ছোট হরিণা এলাকার আমতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও পুদিনাপাতা সিরাপ আটক করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোর ৫টায় ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোনের হাবিলদার মাফতুন হকের নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিণা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ আমতলা গ্রামে অভিযান চালায়। চোরাকারবারিরা বিজিবির অভিযানের কথা জানতে পেরে সেখান থেকে আগেই পালিয়ে যায়। পরে একটি ঘরে পরিত্যক্ত অবস্থায় ১৫০ কেজি চায়না রসুন ও ৫৭৬ বোতল পুদিনা পাতা সিরাপ আটক করে। যার আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩৩ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তবর্তী নদীপথ ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
