॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
ঈদের টানা ছুটিতে পর্যটকের ভীড়ে মুখরিত হয়ে ওঠেছে পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতি প্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে। রমজানের কারণে দীর্ঘদিন পর্যটনকেন্দ্রগুলো ফাঁকা থাকলেও এখন পর্যটকদের আনাগোনায় মুখর বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র। হোটেল -মোটেল আর রির্সোটগুলোতে বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা।
১১টি পাহাড়ী জনগোষ্টি আর বাঙ্গালীদেরসহ অবস্থানসহ অসংখ্য পর্যটন কেন্দ্রে ঘেরা বান্দরবান পার্বত্য জেলা, তাইতো যেকোন ছুটির বন্ধে বান্দরবানে ভ্রমন করতে আসে দেশের নানান প্রান্তের পর্যটকেরা। ঈদের এবারের ছুটিতেও জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিকলেক, নীল দিগন্ত, শৈলপ্রপাত, চিম্বুক, তমাতুঙ্গী, নীলগিরি, কেওক্রাডং সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠেছে। ঈদের এবারের বন্ধে পাহাড়, প্রকৃতি আর নদীর অপরুপ রুপ দেখে বিমোহিত পর্যটকরা।
এব্যাপারে ট্যারিস্ট পুলিশ, বান্দরবান জোনের পুলিশ পরিদর্শক মো.ফরিদ উদ্দিন খান বলেন, পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকরা যেন নিরাপদে পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমন করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পর্যটনকেন্দ্রে বাড়তি নজরদারি করছে ট্যারিস্ট পুলিশ এর সদস্যরা।
