রাঙ্গামাটির কাপ্তাইয়ে পর্যটন ব্যবসায় ধস: কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

44

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে ব্যবসায় ধস নেমেছে। এতে করে শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসে কাপ্তাইয়ের চিত্রবিনোদন কেন্দ্রগুলো একদম ফাঁকা পড়ে আছে। নেই কোন পর্যটকদের পদচারণা। যেন শুনশান নীরবতা।
অতীতে পবিত্র রমজান মাসেও দেশের বিভিন্ন জেলা থেকে রাঙ্গামাটি, কাপ্তাই উপজেলা ও বিলাইছড়িতে পর্যটনে স্ব-স্ব পরিবার নিয়ে বেড়াতে আসতেন পর্যটকরা। কিন্তু এবার তা একেবারেই উল্টো; তেমন কোনো পর্যটক আসছেন না। এতে করে পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বসে বসে সময় কাটাচ্ছেন।
কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এবার একেবারেই ব্যবসায় ধস নেমেছে। এ মৌসুমে তেমন কোনো পর্যটক আসছেন না। একারণে তাদের ব্যবসায় ক্ষতির সম্মুখিন হচ্ছেন।
কাপ্তাইয়ের সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট ও পর্যটন কেন্দ্র নিঃসর্গ পড হাউসের পরিচালক সরোয়ার হোসেন এবং আফছার উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে পর্যটন কেন্দ্রে কোনো পর্যটক আসছেন না। বিনোদন কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। এতে করে ব্যবসায় চরম ধস নেমেছে। ব্যবসা না থাকায় কেন্দ্রে থাকা স্টাফ ও কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, অন্যান্য বছরের তুলনায় এবার তেমন কোনো পর্যটক আসছেন না। রমজান শেষে ঈদকে সামনে রেখে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রের কর্তৃপক্ষ লাখ লাখ টাকা খরচ করে নিজস্ব বিনোদন কেন্দ্রগুলো নানা রঙে সজ্জিত ও আরও আকর্ষণীয় করে তৈরি করছে। মালিকপক্ষ বলছেন, ঈদের পর ভালো ব্যবসা হবে বলে আমরা আশা করি। তখন হয়তো ক্ষতি পুষিয়ে নিতে পারবো।