॥ নন্দন দেবনাথ ॥
আগামীকাল ২০ ফেব্রুয়ারী পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম এ.কে.এম. মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিক অঙ্গন এক অভিভাবক হারায় এবং সংবাদপিপাসু মানুষের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। এ.কে.এম. মকছুদ আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২০ ফেব্রুয়ারি রাঙ্গামাটি শহর ও মিরসরাই তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক উদ্যোগে কোরআনখানি, দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।
সাংবাদিক এ.কে.এম. মকছুদ আহমেদ ১৯৪৫ সালের ১০ জুলাই চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় উত্তর মগাদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা মৃতঃ জামাল উল্লাহ ও মাতা জমিলা খাতুন। শৈশবকাল মীরসরাইয়ে কাটলেও এস, এস, সি পাশ করার পর তিনি চলে আসেন পার্বত্য চট্টগ্রামে। কর্মজীবনের শুরুতেই তিনি পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন এ অঞ্চলের সংবাদজগতের অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব। তাঁর সম্পাদনায় প্রকাশ হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বপ্রথম দৈনিক সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ।
দীর্ঘ প্রায় ৫৬ বছর ধরে তিনি নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাক-এর রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাঙ্গামাটি প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করে স্থানীয় সাংবাদিক সমাজকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই মহান ব্যক্তির হাত ধরে জন্ম নিয়েছে তিন পার্বত্য জেলা, চট্টগ্রাম ও ঢাকার অসংখ্য সংবাদ কর্মী।
২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রাঙ্গামাটি শহরের নিজ বাসায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তাঁর মৃত্যুতে পার্বত্য অঞ্চলের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়।
পরদিন ২১ ফেব্রুয়ারি সকালে রাঙ্গামাটির শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন। একইদিন বিকেলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়তাঁর নিজ উপজেলা মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পার্বত্য চট্টগ্রামের সংবাদ জগতে এ.কে.এম. মকছুদ আহমেদ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র ও কালজয়ী ব্যক্তিত্ব। তাঁর নিরলস শ্রম, সাহসী কলম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি পার্বত্য অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। সাংবাদিকতার প্রতি তাঁর অবদান, আদর্শ ও পেশাগত সততা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন এই প্রবাদপ্রতিম সাংবাদিককে।
