॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজস্থলীর বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।
এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিয়েছেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব মালামাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া জানান, সকাল থেকে ধাপে ধাপে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার ১২টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। সরঞ্জাম পাঠানোর সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান ও চীপ জুটিশিয়াল ম্যাজিষ্টেট কঙ্খন প্রভা।
