নাইক্ষ্যংছড়িতে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল

105

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা চত্বরে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দীনের সমর্থনে এই পথ সভার আয়োজন করা হয়। পথ সভার পূর্বে একটি বিশাল মিছিল উপজেলা চত্বর থেকে শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি থানার মোড় হয়ে পেট্রোল পাম্প রোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে ফিরে পথসভার মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আযাদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, ‘ জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুম বন্ধ করা হবে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর দায়িত্ব আমরা নেব। বেকারদের কাজের ব্যবস্থা করে দেব।
এসএম সুজা উদ্দীন বলেন, বান্দরবানের প্রাণ প্রকৃতি ও মানুষের ভাষা ও জীবন যাত্রার বৈচিত্র্যকে সামনে রেখে তাদের জন্য উপযোগী কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে ক্ষুদ্র শিল্পের বিকাশ সাধন করা হবে। বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। আমরা ভাতা নয়, কাজ দেব।’
নির্বাচনী জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সহযোগিতা কামনা করেন বক্তারা। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে দিয়ে স্লোগানে স্লোগানে লোকজন সভাস্থলে উপস্থিত হন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, উপজেলা জামায়াতের আমীর আবু নাছের, এসসিপির উপজেলা আহবায়ক রাশেদুল হাসান, আগামীর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী, সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ইউনিট ও বিভাগীয় নেতৃবৃন্দ।