॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় দুর্গম ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণের মালামাল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে পরিবহন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে যক্ষাবাজার ক্যাম্প থেকে শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তারা হেলিকপ্টারযোগে কেন্দ্রে গমন করেন।
এ সময় ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিদায় জানান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ। উপস্থিত ছিলেন, মেজর আসিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া এবং রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়নের মোট ১৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি ভোটকেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় হেলিসর্টের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী মালামাল পরিবহন করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ বিন আখন্দ বলেন, “ভোটারদের নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও জানান, দুর্গম এলাকার ভোটারদের জন্য নিরবচ্ছিন্ন ভোট গ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
