সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ৭ উপজেলায় মাঠে নেমেছে ২০ প্লাটুন বিজিবি

30

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তাসহ শান্তিপূর্ণ, সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রাঙ্গামাটি জেলার ৫টি ও চট্টগ্রাম জেলার ২টি উপজেলার ২৬৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের নিমিত্তে স্থাপিত ৭টি বেইজ ক্যাম্পে ২০ প্লাটুন বিজিবি সদস্য কাজ শুরু করেছে। কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) ২০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করছে বলে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল কাওসার মেহেদী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোতায়েনকৃত প্লাটুন সমূহ সীমান্ত সুরক্ষাসহ যে কোন ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় কর্মকর্তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর অনুকূলে রাখার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে যে কোন তথ্য প্রাপ্তির সাথে সাথে বিজিবি সদস্যগণ উক্ত এলাকায় উপস্থিত হয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি জানান, চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা দুটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভোট কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় গুরুত্ব বিবেচনা করে সেনাবাহিনী, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় রেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে করে কোনো এলাকা অনিরাপদ বা অরক্ষিত না থাকে। এছাড়াও রাঙামাটি সংসদীয় আসনের মোট ৫টি উপজেলায় (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি) একইভাবে ভোট কেন্দ্রগুলোকে সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। উক্ত উপজেলা সমূহে টহল পরিচালনার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনকে কেন্দ্র করে তার নিজস্ব ৫৪ কিঃ মিঃ সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে চেক পোষ্ট স্থাপন করতঃ তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়েছে।