॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য রাঙ্গামাটি ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অটল। নির্বাচন করা তার গণতান্ত্রিক অধিকার বলে মনে করেন তিনি ।
রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে রাঙ্গামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেছেন রাঙ্গামাটি -২৯৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী পহেল চাকমা।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপের কথা শোনা গেলেও তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করছেন না। নির্বাচন করা একজন নাগরিক হিসেবে তার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি। পহেল চাকমা বলেন, আমি কারও বিরুদ্ধে অভিযোগ আনছি না। যারা আমাকে নির্বাচন না করার পরামর্শ দিচ্ছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না।
তিনি আরও জানান, মনোনয়নপত্র বাছাইয়ের সময় তার প্রার্থিতা বাতিল হলেও আপিলে তা পুনর্বহাল হয়। এরপরও নানা ভাবে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের চর্চা এগিয়ে যাবে। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি শান্ত ও সহনশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে বলেন, সঠিক তথ্য তুলে ধরলে নির্বাচন নিয়ে বিভ্রান্তি কমবে এবং জনগণের আস্থা বাড়বে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান উল্লেখিত বিষয়াদি রাঙ্গামাটি জেলা রির্টানিং কর্মকর্তাকে লিখিত ভাবে জানানো হয়েছে।
