॥ নিজস্ব প্রতিবেদক ॥
নতুন বছরকে সামনে রেখে রাঙ্গামাটির স্বাস্থ্যসেবাকে আরও মানবিক, সহজলভ্য ও কার্যকর করতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গুরুত্বপূর্ণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চিকিৎসা ব্যবস্থাপনার উন্নয়ন, সেবাগ্রহীতার ভোগান্তি কমানো এবং সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সভা স্বাস্থ্যকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় প্রতিটি বিভাগের ইনচার্জ ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা এবং সভা সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর খান।
সভায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে কীভাবে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করা যায়, সেবাগ্রহীতাদের জন্য চিকিৎসা সেবা কীভাবে আরও সহজ ও গ্রহণযোগ্য করা সম্ভব এবং টিমওয়ার্কের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কীভাবে আরও কমানো যায় তা নিয়ে আলোচনা হয়।
এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কাজ করতে গিয়ে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলোও খোলামেলাভাবে তুলে ধরা হয়।
আলোচনায় উপস্থিত সবাই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নতুন বছরে নতুন উদ্যমে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সেবা দেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।
তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা সকলের সঙ্গে পরামর্শ ও আলোচনার মাধ্যমে সমস্যার বাস্তবসম্মত সমাধান বের করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবাগ্রহীতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা ও আন্তরিক আহ্বান জানান।
আলোচনা শেষে হাসপাতালের সেবার মানোন্নয়নে বেশ কিছু নতুন ও সেবা-বান্ধব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
