নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধ পরিকর-ডক্টর মো: জিয়াউদ্দীন

61

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষে রাঙ্গামাটিতে আনসার ব্যাটলিয়নে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সনদপত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটেলিয়নের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে এই সনদপত্র বিতরন অনুষ্ঠিত হয়।
শিলছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী’র সভাপতিত্বে সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মো: জিয়াউদ্দীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো: সাইফুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ।
সনদপত্র বিতরনী অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মো: জিয়াউদ্দিন বলেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধ পরিকর আর এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। জুলাই আন্দোলনে পুলিশ, প্রশাসনের প্রতি মানুষের ক্ষোভ থাকলেও পেশাদারিত্ব ও সততার কারনে আনসারের প্রতি সাধারণ মানুষের কোনো ক্ষোভ ছিল না। আনসার বাহিনীর জন্য গ্রামাঞ্চলের মানুষ নিরাপদে থাকে এবং দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভুমিকা রাখেন আনসার বাহিনী। এই বাহিনী দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
১৪ দিনব্যাপী প্রশিক্ষনে ৫শ ৪০ জন আনসার সদস্যদের প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে শ্রেষ্ঠত্বর অর্জনকৃতদের মাঝে পুরস্কার, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
এর আগে সফরের অংশ হিসাবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দিন সকাল ১১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দর্শন করেন। এসময় তিনি নির্বাহী কর্মকর্তার দপ্তরে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া এদিন দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড: মো: জিয়াউদ্দিন কাপ্তাই উপজেলার ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন। এসময় ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান এবং স্থানীয় কার্বারিরা তাঁকে স্বাগত জানান।
এসময় বিভাগীয় কমিশনার হেডম্যান এবং কারবারিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সরকারের রাজস্ব আদায়ে হেডম্যান এবং কারবারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাদের সম্মানি খুবই কম, কিভাবে তাদের সম্মানি বৃদ্ধি করা যায়, সরকার বিবেচনা করছে।
দর্শনকালে এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক ড: মো: সাইফুর রহমান, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।