॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বান্দরবানের কর্মরত সাংবাদিকদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইয়াদ শাহাদাতসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। সাংবাদিকরা পেশাগত কাজে বিভিন্ন স্থানে গিয়ে এখন হামলার শিকার হচ্ছে নিয়মিত। এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এসময় মানববন্ধনে বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি মো.নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট, যমুনা টিভির জেলা প্রতিনিধি বাটিং মারমা, এখন টিভির জেলা প্রতিনিধি রিজভী রাহাত সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
