বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

67

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে আভিযানিক পথ পরিক্রমায় ৪৮ বছর ধরে ২০৩ পদাতিক ব্রিগেডের অনেক সদস্য আত্মত্যাগ করে এই অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে পেশাদারীত্বের সাথে কাজ করে যাচ্ছেন। সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এ অঞ্চলে বসবাসকারী মানুষের আর্ত সামাজিক অবস্থা উন্নয়নে সকল অংশীজনদের নিয়ে কাজ করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চীফ সাচিংপ্রু, বিভিন্ন গোয়েন্দা সংস্থার জেলা প্রধান, উর্ধ্বতন সেনা কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।