॥ নিজস্ব প্রতিবেদক ॥
শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন পারভেজ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন, জেলা দুর্গাপূজা উদযাপন সমন্বয় পরিষদের আহবায়ক বরুণ চন্দ্র রায়, সদস্য সচিব সুব্রত দেসহ জেলা-উপজেলার ৪৫টি পূজা মন্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব ছড়ানো ও অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেই স্বার্থে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার মাঠে থাকবে। প্রতিটি পূজা মন্ডপে পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের ২৪ ঘন্টার পাহারা থাকতে হবে। শান্তিপূর্ণ ও সফলভাবে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান।
এবার রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫টি এবং ১০ উপজেলার ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
