॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ ব্যাটালিয়ন মারিশ্যা জোন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ২৭ বিজিবি পক্ষ থেকে জানানো হয়, মারিশ্যা জোন কমান্ডারের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্ট এ কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ২৯০ ঘনফুট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য মূল্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় প্রশাসন ও জনগণ বিজিবি’র এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং বন সম্পদ রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে আরো বেশী গুরুত্ব দেওয়ার আহবান জানান তারা।
