এবার কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন: চালু রয়েছে সব কয়টি ইউনিট

58

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
এবার ২ শত ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান সোমবার রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট। তৎমধ্যে ১,২ ও ৩নং ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ১৩৮ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তিনি আরোও জানান, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো বুধবার (৯ জুলাই) রাত ৮টায় এই কেন্দ্রের ৫টি ইউনিট চালু করার পর সর্বমোট ২ শত ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েক সপ্তাহ ধরে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তাঁরা আরোও জানান, সোমবার (১৪ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ৯৮.৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮৬.০৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।
উল্লেখ্য, ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট পানির জন্য এতদিন এক সাথে চালু করা সম্ভব হয় নাই। চলতি বছরের ২ জুন হতে এতদিন এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও বুধবার (৯ জুলাই) রাত ৮টায় একযোগে চালু করা হয়েছিল ৫টি ইউনিট, সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২ শত ১২ মেগাওয়াট। আবার সোমবার (১৪ জুলাই) ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১৮ মেগাওয়াট। তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।