নিভৃতে চলে গেলেন পার্বত্য চট্টগ্রামের কৃতি পুরুষ সুপ্রিয় তালুকদার

99

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সাবেক পরিচালক সুপ্রিয় তালুকদার পনলোক গমন করেছেন। রাঙ্গামাটি শহরের চম্পক নগর নিবাসী অবসরপ্রাপ্ত রাঙ্গামাটি নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সাবেক পরিচালক সুপ্রিয় তালুকদার শুক্রবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন ।
পাহাড়ের প্রিয়জন একাধারে শিক্ষক, গবেষক, কথাসাহিত্যিক, বাচিকশিল্পী ও শিক্ষা প্রশাসক ড. গাজী গোলাম মাওলা (আজাদ বুলবুল) তাঁর ফেসবুকে একপোষ্টে শোক জানিয়ে লিখেন, অনেকটা নিরবে নিভৃতে চলে গেলেন পার্বত্য চট্টগ্রামের কৃতি পুরুষ সুপ্রিয় তালুকদার। শুক্রবার (১১ জুলাই) সকালে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন প্রশাসন ক্যাডারের পদস্থ কর্মকর্তা। পাহাড়-অরণ্যের মায়া কাটাতে পারেন নাই বিধায় পুরো কর্মকাল তিনি কাটিয়ে দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে।
সুপ্রিয় তালুকদার একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক ও কলারসিক হিসাবে পার্বত্য চট্টগ্রামের বিদ্বৎসমাজে সম্মানিত ছিলেন। তাঁর সুদর্শন চেহারা, বাচনিক সৌকর্য, আচরণে অসামান্য বিনয়বোধ সবাইকে আকৃষ্ট করতো। আড্ডায় আলাপে তাঁর জীবনাভিজ্ঞতা ও পাঠাভিজ্ঞতার অপুর্ব মিশেল শ্রোতাদের মুগ্ধ করতো। যে কোন বিষয়ের গভীরে গিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরার ব্যাপারে দক্ষ কুশলী ছিলেন তিনি।
চাকমা জাতির শুরুর দিকের শিক্ষিতজন হেমন্তপ্রসাদ তালুকদারের জেষ্ঠ সন্তান তিনি। তাঁর সহোদরা প্রফেসর নমিতা দেওয়ান ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ। সাবেক মন্ত্রী ও সাংসদ দীপংকর তালুকদারের তিনি বড় ভাই। রাঙ্গাসাটি শহরের চম্পক নগরের বাড়িতে বাস করতেন। তাঁর সহধর্মিণী টুকু তালুকদারও একজন সমাজ উন্নয়নকর্মী।
সুপ্রিয় তালুকদার ছিলেন কিছুটা অন্তর্মুখী স্বভাবের। লোক সমাগম এড়িয়ে চলতেন। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে তাঁর ছিল ব্যাপক জ্ঞান। একজন সাহিত্যবোদ্ধা হিসাবে তিনি ছিলেন রাঙ্গামাটির খ্যাতিমান লেখক। তিনি ছিলেন উপজাতীয় সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর সাবেক পরিচালক। চাকমা জাতির ইতিহাস, ভাষা ও সংস্কৃতি বিষয়ে তিনি আগ্রহী গবেষক। তাঁর মৌলিক গবেষণা ‘চাকমাদের দক্ষিনাঞ্চলে বিস্তরণ’ ইতিহাস অনুসন্ধানীদের কাছে আগ্রহ সৃষ্টি করেছে। ভ্রমন সাহিত্য রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। বর্ণনার কৌশল,পর্যবেক্ষণের বৈচিত্র্য ও উপস্থাপনার নৈপূন্য তিনি পাঠকদের মুগ্ধ করে রাখতেন। কবি সুপ্রিয় তালুকদারের পরলৈকিক শান্তি কামনা কামনা করেন তিনি।