খাগড়াছড়িতে লোগাঙ গণহত্যায় নিহতদের স্মরণে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন

133

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামকে বধ্যভূমি বানানো যাবে না” শ্লোগানে লোগাঙ গণহত্যায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন (এইচব্লিউএফ)।
খাগড়াছড়ি শহর চেঙ্গী স্কোয়ারে সমাবেশ করা হয়। সমাবেশে পর মিছিল সহকারে গিয়ে সন্ধ্যায় স্বনির্ভর বাজারে শহীদ অমর বিকাশ সড়কের চৌড়াস্তার মোড়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
সমাবেশে পিসিপি’র অনিমেষ চাকমার সঞ্চালনায় ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা আহ্বায়ক এন্টি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি’র) সভাপতি অমল ত্রিপুরা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সরকারের সময়ে যেমন গণহত্যাসহ নানা ঘটনা অব্যাহত ছিল, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একই অবস্থা বিরাজমান। পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। বর্বরোচিত লোগাঙ গণহত্যা’র ঘটনা সারাবিশ্বে আলোচিত একটি ঘটনা। এই ঘটনায় ১২শ’র অধিক মানুষ হত্যার শিকার হয়। ৭ শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। নারীদের ধর্ষণ-নির্যাতন করা হয়। কিন্তু এই ঘটনার সঠিক রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। বক্তারা লোগাঙ গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে সেসব ঘটনার শ্বেতপত্র প্রকাশপূর্বক বিচার ও জড়িতদের শাস্তি প্রদানের দাবি জানান।