কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা সমাজ সেবক মমিনুল হক হারুন আর নেই

208

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কর্ণফুলী পেপার মিলের সাবেক কর্মকর্তা, চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী ক্লাব ‘তরুণ সংঘের’ প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজ সেবক শ, ম, মমিনুল হক হারুন (৭১) আর নেই। তিনি গত ৩০ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত আড়াইটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে——রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র, কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
শুক্রবার (৩১ জানুয়ারী) কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তাঁকে কেপিএম কবরস্থানে দাফন করা হয়। হারুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কর্ণফুলী পেপার মিলের এমডি মোঃ শহীদ উল্লাহ, কেপিএমের প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হুমায়ুন কবির, কেপিএম সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাক, কেআরসি সিবিএর প্রাক্তন সাধারন সম্পাদক নুরুল ইসলাম আজাদ, মোঃ শামীম, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দীন আজাদ, কাপ্তাই উপজেলা স্কাউটসের সাবেক সাধারন সম্পাদক কেপিএম স্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক হারুন আল রশীদ, সিইউএফএল এর প্রশাসনিক কর্মকর্তা রফিকুল আলম সাইফুল, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এফ আই কামাল, চন্দ্রঘোনা ফোরামের মকবুল আহমেদ, কেপিএম হিসাব বিভাগের আনিছুর রহমানসহ আরো অনেকে।
জানাযায় বক্তব্য প্রদানকালে কর্ণফুলী পেপার মিলের এমডি মোঃ শহীদ উল্লাহ বলেন, মমিনুল হক হারুন ছিলেন সদা হাস্যউজ্জ্বল, সদালাপী এবং পরউপকারী। তাঁর মাধ্যমে অসংখ্য মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। তাঁর মৃত্যুতে চন্দ্রঘোনার আপামর জনসাধারণ শোক প্রকাশ করেছেন। তিনি মহান আল্লাহর কাছে হারুনের জীবদ্দশায় জানা অজানা সকল গুনাহের মাফ চেয়ে মোনাজাত করেন। পরে কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এ টি এম আব্দুল্লাহ জানাযায় ইমামতি করেন।