॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে নয়াপাড়া এলাকায় একটি গরু বাছুরকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া পাড়া এলাকার মৃত আনোয়ার হোসেন পুত্র বড় ভাই মোহাম্মদ মুসা মিয়া এর সাথে পারিবারিক দ্বন্দ্বে তার ছোট ভাই মোঃ নুরুল আবছার মামুনের কানে সজোরে কামড় দিলে কান থেকে দ্রুত রক্ত ক্ষরণ হলে প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা গ্রহণ করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সময় আনুমানিক সাড়ে ৩টার দিকে মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের পালিত একটি গরুর বাছুরকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোঃ মুসা নামের আপন বড় ভাই কানে সজোরে কামড় দেওয়ার সাথে সাথে কান থেকে অতিরিক্ত রক্ত ক্ষরণ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতির আশংকা দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে ডাক্তার। এক পর্যায়ে চিকিৎসারত অবস্থায় নুরুল আবছার মামুন মৃত্যু বরণ করে।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, শনিবার সকালে তাদের ২ ভাইয়ের মধ্যে একটি গরু বাছুরকে কেন্দ্র করে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কানে কামড় দিলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে নুরুল আবছার মামুনের মৃত্যু হয় বলে জানান তিনি।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৎ বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি এখনও তদন্তাধীন ও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
