রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান সদরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবান সদরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৩নং ওয়ার্ডের হাজীপাড়া মসজিদ সম্প্রসারণ, করুণাপুর বন বিহারে লাইব্রেরী ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং করুণাপুর বন বিহারে ওঠার রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ মিয়া, পৌরসভার মহিলা কাউন্সিলর দিপিকা রানী তঞ্চঙ্গ্যা সহ বৌদ্ধ বিহার ও মসজিদ কমিটির নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জন্য তিনি বিদ্যুৎ, রাস্তা, ব্রীজসহ মানুষের জীবনমান উন্নয়নের সুবিধা নিশ্চিত করেছেন, গৃহহীন মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করেছেন। পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। এখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য মসজিদ, মন্দির, ক্যাং ও গীর্জা নির্মানের ফলে সানন্দে ধর্মীয় উৎসব পালন করতে পারে আর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারছে। যা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
