শাহ আলম, পাহাড়ের আলো ডট কম, রাঙ্গামাটিঃ আগামী ২রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তর ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হতে যাচ্ছে মনোজ্ঞ সম্প্রীতি কনসার্ট।
সোমবার (২রা ডিসেম্বর ২০১৯) রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে সন্ধ্যা ৬.০০টায় এ সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান (চ্যানেল আই সেরা কন্ঠ-২০০৮), লিজা (ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন-২০০৮) ও নাবিলা (চ্যানেল আই সেরা কন্ঠ -২০১৪) সহ স্থানীয় বিভিন্ন গুণী শিল্পীরা। এছাড়া ও রাঙ্গামাটির স্থানীয় শিল্পীরা ও সংগীত পরিবেশন করবেন বলে জানা গেছে।
শান্তি চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে সম্প্রীতি কনসার্ট উপলক্ষে শহর জুড়ে পোস্টার লাগানো হয়েছে। পাশাপাশি পার্বত্য শান্তি চুক্তি উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়ন সদর দপ্তর ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে জমকালো অনুষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে শহর জুড়ে মাইকিং করা হচ্ছে।
আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবার ও পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতেই এ ধরনের কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানান আয়োজক কমিটি। সম্প্রীতি কনসার্ট-২০১৯ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। উক্ত অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
মনোজ্ঞ সম্প্রীতি কনসার্টে এবারের বিশেষ আকর্ষন হিসেবে থাকবে আকাশ রাঙানো আতশবাজি ও আকাশ জুড়ে ফানুস উড়ানোর উৎসব।
উল্লেখ্য: বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদকালে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই এই চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।
