নাইক্ষ্যংছড়িঃ-বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবি ও দূর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের গুলি বিনিময়কালে ২ বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনাটি ঘটে।
আহত বিজিবি সদস্য হলো-৩৪ বিজিবি নিয়ন্ত্রিত বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পের সিপাহী মৃত্যুঞ্জয় ও সিপাহী ফরিদুল ইসলাম।
সুত্রে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে একটি টহলদল সোমবার রাতে ৩৬ নাম্বার সীমান্ত পিলারের নিকটবর্তী চল্লিশ পরিবার রাস্তার মাথা নামক এলাকায় পৌঁছলে বিজিবি’র টহল দলের উপর লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে দূর্বৃত্তরা। এসময় বিজিবিও পাল্টা এক রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় দুুর্বৃত্তদের গুলিতে সিপাহী মৃত্যুঞ্জয় ও সিপাহী ফরিদুল ইসলাম এর বাম পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়। ঘটনার পর তাদের উদ্ধার করে রামু সিএমএইচ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এই ঘটনায় কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
এদিকে সীমান্তে বিজিবি’র উপর অতর্কিত গুলিবর্ষণ নিয়ে এলাকায় আতংক দেখা দিয়েছে। কে বা কারা এই গুলি বর্ষন করেছে তা নিশ্চিত করা না গেলেও স্থানীয়দের ধারণা, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দল আল ইয়াকিন এই ঘটনার সাথে জড়ি থাকতে পারে।
বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কমান্ডার মোঃ সাজেদুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুই বিজিবি সদস্যের মধ্যে সিপাহী ফরিদ উদ্দিনকে চট্টগ্রামে নেয়া হয়েছে। আর সিপাহী মৃত্যুঞ্জয়কে রামু সিএমএইচ হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তারা দুইজন মোটামুটি সুস্থ্য আছেন।
