রাঙ্গামাটির ঘাগড়া বালিকা ফুটবল টিমের পাশে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ

904

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমানে জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য মনিকা চাকমা, আনুচিং মারমা, আনাই মারমা, রুপনা চাকমা, ঋতুপুর্না চাকমাদের পাশে দাড়িয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ মামুন।

পাহাড়ে বিভিন্ন এলাকার প্রতিভাবান বালিকা ফুটবলারদের হোস্টেলে রেখে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেয় ঘাগড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে ২১ জন বালিকা হোস্টেলে অবস্থান করে পড়াশুনার পাশাপাশি ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে। তাদের দু:খ দুর্দশার কথা শুনেই পাশে দাড়ান রাঙ্গামাটি জেলা প্রশাসক।

এর আগে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত বালক- বালিকা ফুটবল টিমের বিভিন্ন সমস্যার কথা শুনে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া সমাগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। ক্রীড়া সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে পড়–য়া জাতীয় ফুটবল টিমে ডাক পাওয়া খেলোয়ার ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

তারই অংশ হিসেবে ঘাগড়া বালিকা ফুটবল দলের জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা হতে চাল,ডাল,তেল,ময়দা, চিনিসহ বিভিন্ন খাবার প্রদান করা হয়। স্কুলের পক্ষ থেকে এসব খাবারগুলো গ্রহণ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান।

এসময় ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান বলেন, এ খাবার দিয়ে আগামি সাড়ে তিন মাস চলবে। এগুলো শেষ হলে জেলা প্রশাসক মহোদয় যোগাযোগ করতে বলেছেন। সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে চন্দ্রা দেওয়ান বলেন,রাঙ্গামাটি জেলা প্রশাসকের এ সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করতে অনেক উৎসাহবোধ করছি, এর মাধ্যমে পাহাড়ে প্রতিভাবান ফুটবলার তৈরিতে জেলা প্রশাসক যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবী রাখে।

উল্লেখ্য , ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে পড়–য়া বালিকা ফুটবল টিমের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক ক্রীড়া সামগ্রী, পুরো হোস্টেলে বালিকাদের খাবার সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নগদ অর্থ সহযোগীতা করে যাচ্ছেন।
পাহাড়ের প্রতিভাবান খেলোয়ারদের পাশে দাড়ানোর জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন অনেকে।