রাজস্থলীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

350

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলীর উপজেলার হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও হেডম্যান বিএনপি নেতা দীপুময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে রাজস্থলী উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দীপুময় তালুকদারকে অপহরণ করে দুর্বৃত্তরা।

হত্যাকান্ডের কথা স্বীকার করে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মেদ জানিয়েছেন বুধবার সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করে ।

লাশটি সাবেক ইউপি চেয়ারম্যান, ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও বিএনপি নেতা দীপুময় তালুকদারের লাশ বলে নিশ্চিত করেছেন পুলিশ। তিনি জানান, দীপুময় তালুকদারকে মাথায় গুলি করা হয়েছে এবং তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

লাশটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যাকারীদের বিচারের দাবীতে রাজস্থলীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার আইনশৃংখলা সভা শেষ করার সপ্তাহের মধ্যেই এ হত্যাকান্ড ঘটলো।