নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি: রাঙ্গামাটি চেম্বারের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী রাঙ্গামাটি বাণিজ্য মেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। এতে বিশেষ অতিথি থাকবেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাঙ্গামাটি চেম্বার অফ কর্মাসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাঙ্গামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, রাঙ্গামাটিতে আর্ন্তাতিক বাণিজ্য মেলা আয়োজনের কথা থাকলেও পর্যাপ্ত পরিবেশে ও সুযোগ না থাকায় এবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা করা সম্ভব হচ্ছে না।
তার পরেও রাঙ্গামাটি চেম্বারের উদ্যোগে স্বল্প পরিসরে রাঙ্গামাটি বাণিজ্য মেলা আয়োজনের সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মেলার সার্বিক তত্তাবধানের জন্য ইভেন মেনেজমেন্টের একটি সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে। রাঙ্গামাটি ও রাঙ্গামাটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেলায় ষ্টল দেয়া হবে।
মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোন প্রবেশমূল্য ধরা হয়নি। সকলের জন্য মেলা উম্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম, চেম্বারের পরিচালক আবু মনসুর, চেম্বারের পরিচালক নিজাম উদ্দিন, মেলা কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক উসামং মারমা, চেম্বারের পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
