গুজবে কান না দিতে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের আহবান

1257

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : ছেলেধরা গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি বলেছেন, ছেলে ধরা শব্দটি গুজব। কিছু স্বার্থনেষী মহল এ গুজব ছড়াচ্ছে। রাঙ্গামাটিতে এখনো পর্যন্ত অনাকাঙ্খিত এমন কোনো ঘটনা ঘটেনি। তবে দেশের বিভিন্ন স্থানে মিথ্যা গুজব ছড়িয়ে পরার কারণে রাঙ্গামাটিতেও মানুষের মধ্যে কিছুটা প্রভাব পরেছে।

তাই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে উত্তেজিত না হয়ে আইনের হাতে তুলে দিতে অনুরোধ জানানো হচ্ছে এবং সন্দেহজনক কিছু মনে হলে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

এদিকে, রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে ছেলে ধরা গুজবে কান না দিতে মাইকিংয়ে কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। তবুও সন্তানের নিরাপত্তা দিতে যথেষ্ট সতর্ক রয়েছে বলে জানালেন স্থানীয় অভিভাবকরা।

তারা বলছেন, যতদিন ছেলে ধরা গুজব থাকবে, ততদিন মানুষের মধ্যে ভয় কাজ করবেই। সম্প্রতি রাঙ্গামাটি রানী দয়াময় বিদ্যালয়ের সামনে এমন গুজবে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রশাসন।